এনআরসি ও সিএএ বিরোধী বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টের নির্দেশ

ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়ন করা হবে না বলে রাজ্য সরকারের প্রচারিত সব বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের এসব বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। এসব মামলার শুনানির পর সোমবার হাইকোর্ট এই নির্দেশ দিলেন। খবর এনডিটিভি’র

গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিল পাশ হবার পর থেকে আন্দোলনে সোচ্চার হয় গোটা ভারত। পশ্চিমবঙ্গও পিছিয়ে ছিলো না। সিএএ ও এনআরসি পশ্চিমবঙ্গে কোনভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

সেই সঙ্গে এই আইন বিরোধী বিজ্ঞাপনও প্রচার করে রাজ্য সরকার। ‘জনস্বার্থে প্রচারিত’ ওই বিজ্ঞাপনে রাজ্য সরকার ঘোষণা করেছিল এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন বা জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর হবে না। 

আরও পড়ুন: ‘বাঘের বাচ্চা বাঘই হবে’

কেন্দ্রীয় আইনের বিরোধিতা করে একটি রাজ্যের সরকার ওই বিজ্ঞাপন দিতে পারে কি না তা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তার আগেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজ্যে অশান্তি এবং ক্ষয়ক্ষতি নিয়ে মামলা করেন হাওড়ার এক বাসিন্দা। ইন্টারনেট পরিসেবা কেন বন্ধ রাখা হয়েছে, তা নিয়েও পৃথক মামলা হয় হাইকোর্টে। ওই সমস্ত মামলাই সোমবার একসঙ্গে শোনার পর ডিভিশন বেঞ্চ রাজ্যকে জানায়, আগামী ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। ততদিন ওই বিজ্ঞাপন কোনও ভাবে প্রচার করা যাবে না।

ইত্তেফাক/এসইউ