সিইসি আমার অস্তিত্বে আঘাত এনেছেন: মাহবুব তালুকদার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করার অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নিজের বিরুদ্ধে সিইসির করা মন্তব্যের কড়া জবাবও জানিয়েছেন তিনি। 

বুধবার সাংবাদিকদের নিজ কক্ষে ডেকে দেওয়া এক বিবৃতিতে তিনি তার বক্তব্যে অটল থাকার কথা জানান। গত সোমবার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আমি মনে করি না নির্বাচনে মোটেই লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। ওই দিন ইসিতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার এ সব কথা বলেন।

সিইসি কে এম নূরুল হুদা গত মঙ্গলবার রাঙামাটিতে এক অনুষ্ঠানে মাহবুব তালুকদারের এ অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। সিইসি বলেন, মাহবুব তালুকদার অসত্য কথা বলেছেন। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে। সবাই নিজেদের মতো প্রচারণা চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে অসুবিধা কোথায়? 

সিইসির বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার মাহবুব তালুকদার তার বিবৃতিতে বলেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে আমি মিথ্যা কথা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। 

মাহবুব তালুকদার বলেন, একটা কথা মনে রাখতে হবে যে সিইসিসহ সব নির্বাচন কমিশনার সমান। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আরও বলেন, ইতিপূর্বে সিইসি আমার বিরুদ্ধে প্রকাশ্যে নানারূপ বিরূপ উক্তি করেছেন। আমি কখনো তার কথার প্রতিবাদ করিনি। কিন্তু ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা বলেছি, এ কথার প্রতিবাদ না করে পারলাম না। 

আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের লাখো কূটনৈতিক বার্তা হ্যাকড

মাহবুব তালুকদার বলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমি বলেছিলাম, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই, তা সাংবাদিকরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। কমিশনার মাহবুব তালুকদার বলেন, এখনো সংশ্লিষ্ট সবাইকে বলছি, আপনারা নিজেরা বিচার-বিবেচনা করে দেখুন, নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি নেই?

ইত্তেফাক/এমআই