নিউজিল্যান্ডে অগ্ন্যুত্পাতে নিখোঁজ দুই জনের সন্ধান মেলেনি

বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ

বলে তল্লাশি বন্ধ ঘোষণা

g বিবিসি

নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ড দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছে। তবে এ ঘটনায় নিখোঁজ দুই জনের কোনো খোঁজ মেলেনি। তাদের আর খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে পুলিশ তল্লাশি অভিযান বাতিল করেছে।

আগ্নেয়গিরিটি ফুঁসে ওঠার পর সেখানে আর কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, উইনোনা জেন ল্যাংফোর্ড (১৭) এবং হেইডেন ব্রিয়ান মার্শাল-ইনম্যানের (৪০) মরদেহ ঐ দ্বীপের পানিতে ভেসে গেছে। পুলিশ ঐ দ্বীপে তল্লাশি চালিয়েও তাদের সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। শেষ পর্যন্ত তল্লাশি অভিযান বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো খবর পেলেই তাত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া নিখোঁজ দুই জনের পরিবারকেও তল্লাশি অভিযান বাতিলের বিষয়ে জানানো হয়েছে।

জনপ্রিয় হোয়াইট আইল্যান্ডে গত ৯ ডিসেম্বর আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত শুরু হয়। সে সময় দ্বীপটিতে ৪৭ জন পর্যটক ছিল। এদের মধ্যে ২৪ জন অস্ট্রেলিয়ার, ৯ জন যুক্তরাষ্ট্রের, পাঁচ জন নিউজিল্যান্ডের, চার জন জার্মানির, দুই জন চীনের, দুই জন যুক্তরাজ্যের এবং এক জন ছিলেন মালয়েশিয়ার নাগরিক। গত সপ্তাহে নিহত ১৭ জনের নাম প্রকাশ করে পুলিশ। এরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নাগরিক।