আশা জিইয়ে রাখল মুক্তিযোদ্ধা

উত্তর বারিধারার বিদায়

 স্পোর্টস রিপোর্টার

মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে উত্তর বারিধারাকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রেখেছে। অপরদিকে টানা দ্বিতীয় ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে নবাগত উত্তর বারিধারা।

প্রথম ম্যাচে ড্রয়ের পর টুর্নামেন্টে টিকে থাকতে চলতি মৌসুমেই পেশাদার লিগে উঠে আসা বারিধারাকে হারানো ছাড়া উপায় ছিল না মুক্তিযোদ্ধার। তবে এমন সমীকরণকে মাথায় রেখে নামা মুক্তিযোদ্ধা শুরুতে বারিধারা আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল।

প্রতি আক্রমণের কৌশলে কোচ আলফাজ আহমেদের দল শুরু থেকে ত্রাস ছড়াচ্ছিল মুক্তিযোদ্ধা রক্ষণে? ৩১ আর ৩৫ মিনিটে ল্যান্ডিং ডার্বো আর আবদুল্লাহ তোফেলের শট দুটি মুক্তিযোদ্ধা গোলরক্ষক মাহফুজ প্রিতম ঠেকিয়ে না দিলে আরো আগেই এগিয়ে যেতে পারত নবাগত দলটি।

বিরতির পাঁচ মিনিট আগে ল্যান্ডিং এগিয়ে দেন বারিধারাকে। মুক্তিযোদ্ধা রক্ষণের ভুলে পাওয়া বল দখলে নিয়ে গাম্বিয়ান ফরোয়ার্ডকে বাড়ান আরিফ হোসেন। এরপর মুক্তিযোদ্ধা রক্ষণকে বোকা বানিয়ে ডান পায়ের দারুণ শটে মৌসুমের প্রথম গোলটি করেন ল্যান্ডিং।

প্রথমার্ধ বিরতির ঠিক আগে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। বদলি হিসেবে নামা সারোয়ার জামান নিপুর নিচু ক্রসে আলতো টোকায় সহজ এক গোল করে দলটিকে সমতায় ফেরান ইসমাইল বাঙ্গুরা।

বিরতির পর নতুন উদ্যমে বারিধারা রক্ষণ ভাঙছিলেন বাঙ্গুরা-নোরিতো হাসহিগুচিরা। ৬৪ আর ৬৬ মিনিটে মুক্তিযোদ্ধার দুটি দারুণ আক্রমণ রুখে বারিধারাকে ম্যাচে রেখেছিলেন গোলরক্ষক এরশাদ।

তবে ৭৩ মিনিটে প্রতি আক্রমণে আর তার পুনরাবৃত্তি ঘটেনি। মেহেদি হাসান রয়ালের বাড়ানো থ্রুতে বারিধারা রক্ষণ ভেঙে দারুণ গতির এক শটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন অধিনায়ক নোরিতো। ম্যাচের শেষদিকে অবশ্য আরো একবার বারিধারা জালে বল জড়িয়েছিল তারা। অফসাইডের খড়গে সে যাত্রায় দুর্দান্ত বাইসাইকেল কিকটি থেকে আর গোল পাননি বাঙ্গুরা। তবে তাতে ক্ষতি হয়নি খুব একটা, জয় নিয়েই মাঠ ছাড়ে তার দল মুক্তিযোদ্ধা।

এই জয়ের ফলে দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দলটি। শেষ ম্যাচে শেখ রাসেলের বিপক্ষেও ভালো ফুটবল খেলার আশাবাদ ব্যক্ত করেন মুক্তিযোদ্ধা কোচ আবদুল কাইয়ুম সান্টু। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘তিন পয়েন্টের লক্ষ্য না রাখলে হেরে যাওয়াটাও স্বাভাবিক। তাই অন্যদের ম্যাচের ফল যাই হোক শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।’