টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে!

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

স্পোর্টস ডেস্ক

আর্থিক অসঙ্গতির কথা জানিয়ে, এক ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন নিয়ে আপত্তি ছিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) টেস্টের জায়গায় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। সেই প্রস্তাবে রাজি হয়েছে বাংলাদেশ।

আসছে মে মাসের শেষে দুদল নিজেদের মধ্যে চারটি টি-টোয়েন্টি খেলবে। সেই সিরিজের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু নিশ্চিত না হওয়ায়। চূড়ান্ত হবে জানুয়ারিতে। নিরপেক্ষ হিসেবে ইংল্যান্ডে খেলারও সম্ভাবনা আছে।

আয়ারল্যান্ডের মূল ভেন্যুগুলোর একটি হিসেবে পরিচিত ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বড়ো ধরনের সংস্কার কাজ চলছে বলেই মূলত বিপাকে পড়েছে বোর্ড। আগামী মৌসুম হতে যাচ্ছে আইরিশদের ঘরোয়া গ্রীষ্মের ইতিহাসে অন্যতম ব্যস্ত মৌসুম।

আইসিসির এফটিপিতে থাকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচটি আর্থিক সংকটের কারণে গেল সপ্তাহেই বাতিল করেছে আয়ারল্যান্ড। টেস্ট ম্যাচের জায়গায় বাড়ানো হয়েছে টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রূপ নিয়ে চার ম্যাচের সিরিজে। সেই সিরিজের ভেন্যুই খুঁজছে বোর্ড।

ক্রিকেট আয়ারল্যান্ডের (সিআই) প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, ইংল্যান্ডের মতো নিরপেক্ষ কোনো ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে তারা। তিনি বলেন, ‘২০২০ সালে ক্লনটার্ফ বড় ধরনের পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। ভেন্যুটি হারিয়ে তিনটি মাঠে আমাদের পিচের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২-তে। এসব মাঠে ১৫টি ম্যাচের ব্যবস্থা করতে হবে। এই মুহূর্তে আমরা ভেন্যুর বিকল্প নিয়ে ভাবছি। যেটা আমাদের সীমিত ওভারের ম্যাচের সূচির সঙ্গে যায়, নতুন পিচও যাতে পাওয়া যায়। আমাদের নিজস্ব ভেন্যু ফিরে পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডে আতিথ্য দেওয়ার পরিকল্পনা আমাদের।’

তবে, চূড়ান্ত হয়ে গেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি। আগামী ১৪ মে শুরু হবে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৬ ও ১৯ মে। তিনটি খেলাই অনুষ্ঠিত হবে স্টরমন্টে। এই মাঠে ২০১০ সালে দুটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ, ২০১২ সালে খেলেছিল তিনটি টি-টোয়েন্টি।

মে মাস থেকেই ক্রিকেটের ব্যস্ত সূচিতে চলে আসবে আয়ারল্যান্ড। জুনে তারা ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দলটি। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলবে দু’টি টি-টোয়েন্টি।

ওয়ানডে সিরিজের সূচি

তারিখ           ম্যাচ                      ভেন্যু

১৪ মে           প্রথম ওয়ানডে         স্টরমন্ট

১৬ মে           দ্বিতীয় ওয়ানডে        স্টরমন্ট

১৯ মে           তৃতীয় ওয়ানডে        স্টরমন্ট