মোহামেডান-শেখ রাসেল গোলহীন ড্র

জমে উঠল

‘ডি’ গ্রুপের

লড়াই

স্পোর্টস রিপোর্টার

শেখ রাসেল ক্রীড়াচক্র মোহামেডানের সঙ্গে গোলশূন্য ড্র করায় দারুণ অনিশ্চয়তা ভর করেছে ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপে। এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বের শেষ দিনে কোয়ার্টার ফাইনালের আশা থাকছে মোহামেডান, শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের?

মুক্তিযোদ্ধার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছেড়েছিল মোহামেডান। তার ওপর গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের শুরুর ম্যাচে মুক্তিযোদ্ধার জয় সমীকরণটা কঠিন করে তুলেছিল সাদা-কালোদের জন্যে।

‘করো না হয় মরো’ সমীকরণকে সামনে রেখে প্রথমার্ধে শেখ রাসেলকে চেপেই ধরেছিল মোহামেডান। দারুণ প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে ম্যাচের ১৯ মিনিটে বড়ো সুযোগ পেয়েছিল তারা। ইউসুফ সিফাতের ক্রসে করা উরয়ু নাগাতার শট রুখে দেন শেখ রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ফিরতি সুযোগে সলোমন ডায়াবেটের শট কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করে শেখ রাসেল রক্ষণ। এর মিনিট চারেক পর আবারও আক্রমণ মোহামেডানের। এ যাত্রায় সলোমনের দূরপাল্লার শট রুখে দেন শেখ রাসেল গোলরক্ষক রানা।

শুরুর আধাঘণ্টায় মোহামেডানের আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত শেখ রাসেল এরপর খোলস ছেড়ে বেরিয়ে আসে। কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা ম্যাচের প্রথম বড়ো সুযোগটা সৃষ্টি করে ৩২ মিনিটে? তবে খোন্দকার আশরাফুলের পাস থেকে তকলিস আহমেদের করা সাইড ভলিটি বেরিয়ে যায় লক্ষ্যের অনেক ওপর দিয়ে। মিনিট তিনেক পর প্রতি-আক্রমণে রাফায়েল ওদোইনের শট রুখে দেন মোহামেডান গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। তবে প্রথমার্ধে দুই দলের সব প্রচেষ্টাই বিফলে গেছে। ফলে সমতায় থেকেই বিরতিতে যায় মোহামেডান-শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহামেডান পেনাল্টি অঞ্চলের একটু বাইরে ফ্রি কিক পায় শেখ রাসেল। তবে রাফায়েল ওদোইনের সেটপিসটি বেরিয়ে যায় লক্ষ্যের একটু বাইরে দিয়ে। ৬১ মিনিটে আশরাফুল আর আজিজভ আলিশেরের জোড়া শট মোহামেডান গোলরক্ষক হিমেল রুখে দেন। এরপর সময় যতোই গড়িয়েছে, ম্যাচের গতিও মন্থরতর হয়েছে। ফলে গোলহীন  ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এই ড্র ফেডারেশন কাপের ‘ডি’ গ্রুপের শেষ দিনে দারুণ উত্তেজনার আভাস দিচ্ছে। শুরুর দুই ম্যাচে জয় না পেলেও শেষ ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে যখন খেলবে মোহামেডান, দলটির সামনে থাকবে শেষ আটে যাওয়ার হাতছানিও। কারণ চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে নিজেদের শেষ ম্যাচে। নিজেদের ম্যাচে সেদিন মোহামেডান বারিধারাকে হারালে আর অন্য ম্যাচের কোনো এক দল জিতলে শেষ আটে যাবে এ দুই দল। ড্র হলে তিন দল ৫ পয়েন্ট হওয়ায় হিসাব গড়াবে মুখোমুখি লড়াই আর গোল ব্যবধানে।

তবে এ সমীকরণে আসতে শেষ ম্যাচে জয় পেতেই হবে দশ বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানকে। না হয় গেল আসরের মতো গ্রুপপর্ব থেকে বিদায়ই হবে সাদা-কালোদের নিয়তি।