লুত্ফর রহমান রিটন
দুখিনী এ বাংলার পথে প্রান্তরে
পাকিদের ছানাপোনা কিলবিল করে...
বাংলায় বসবাস শ্বাস প্রশ্বাস
অথচ এ বাংলার পরাজয় চাস!
তৃষ্ণায় পিপাসায় বাংলার জল
ক্ষুধায় শস্যকণা বাংলার ফল
সূর্যের আলো আর চাঁদের ছায়ায়
বৃষ্টি ও বাতাসের নিবিড় মায়ায়
নিরাপদে বেঁচে থাকা, বেড়ে ওঠা তোর
আগলে রেখেছে তোকে বাংলার ভোর।
বাংলার রাত আর বাংলার দিন
হিসেব করেনি তোর ঋণ কোনোদিন।
মমতার আদরের বিছিয়ে চাদর
ভরিয়ে রেখেছে তোর শ্রাবণ ভাদর।
নেই কোনো ‘শুকরিয়া’? নেই দায়বোধ?
বাংলার কোনো ঋণ করবি না শোধ?
ঘৃণ্য কুলাঙ্গার তুই বেইমান
এই দেশে বসবাস অই দেশে প্রাণ!
বিজয়ের এই দিনে ঘৃণা তোকে ঘৃণা
শহিদের অভিশাপ রেহাই পাবি না।
দুখিনী এ বাংলার পথে প্রান্তরে
পাকিদের ছানাপোনা কিলবিল করে...
[ বিনম্র শ্রদ্ধা তাঁদের প্রতি, যাঁরা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ...]
হিউস্টন ১৬ ডিসেম্বর ২০১৯