২০০৮ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছেলেদের জন্য দুটি এবং মেয়েদের জন্য একটি আবাসিক হল চালু হয়। তারপর মেয়েদের জন্য একটি নির্মাণাধীন হল ছাড়া আর কোনো আবাসিক হল নির্মাণে তেমন অগ্রগতি নেই। ছেলেদের দুটি হলে ৩০০+৩০০ এবং মেয়েদের একটিতে সমসংখ্যক সিট রয়েছে। যার ফলে প্রায় সাত-আট হাজার শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে ভাড়া মেসে থাকতে হচ্ছে। এছাড়াও মেয়েদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে ও বেশি ভাড়া দিয়ে থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে। মাসে মোটা অঙ্কের টাকা ব্যয় করে মেসে থাকলেও দূরত্ব ও নানা কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে থাকায় পড়াশোনারও ব্যঘাত ঘটছে। প্রত্যেক বছর প্রায় ১২০০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে, যা নতুন আরো ৮-১০টি হল না হলে সমাধান সম্ভব নয়। তাই দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে আরো কয়েকটি আবাসিক হল নির্মাণ করে শিক্ষার্থীদের দুর্ভোগ থেকে রক্ষাসহ শিক্ষার সুপরিবেশ নিশ্চিত করুন।
আবদুস সালাম
ছাত্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর