সোগেরা হন্তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক

১৯৮৯ সালের ২৫ জুলাই একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। যার প্রতিবাদে এ দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক ও শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিলেন। ২৯ জুলাই আমিও অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলাম। গেয়েছিলাম প্রতিবাদী গান। ভিকারুননিসা স্কুল থেকে মেয়েকে বাসায় নিয়ে আসার পথে আততায়ীর গুলিতে নিহত হন তিন কন্যাসন্তানের মা সোগেরা মোর্শেদ। হত্যাকারীচক্রের নানাবিধ ষড়যন্ত্রে এর বিচারকার্য স্থগিত থাকলেও পিবিআই এ ঘটনার দায়িত্ব নেওয়ার তিরিশ বছর পর জট খুলে গেছে এ হত্যাকাণ্ডের।

একই গৃহে তিরিশ বছর ধরে অবস্থান করে এসেছে হত্যাকারী সোগেরা মোর্শেদের ভাসুর ডা. হাসান, তাঁর জা শাহিন। গৃহস্থলী কাজের সামান্য ঘটনায় ক্ষুব্ধ শাহিন তার ভাই রেজওয়ান ও ডা. হাসান তার রোগী মারুফকে দিয়ে হত্যা করায় তিন সন্তানের মাকে। সারাহাত, সিফাত ও সামিয়া হয় মাতৃহারা। বিস্ময়কর হলো, নিজ ভাইয়ের বউকে হত্যা করেছে বারডেমের ডাক্তার হাসান! অমানবিক এ ঘটনার নিন্দার ভাষা নেই। পিবিআই কর্তৃক উদ্ঘাটিত এই পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

শামসুল করীম খোকন

তেজগাঁ, ঢাকা ১২০৮