জকসু নির্বাচনের বাধা কাটছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা যুক্ত করার পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের কোনো বিধান না থাকায় নতুন করে গঠনতন্ত্র তৈরি করার কাজ চলছে। গত ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মতামতের জন্য জকসুর প্রস্তাবিত গঠনতন্ত্র রাখা হয়। ৯০ দিনের মধ্যে যে কেউ এ গঠনতন্ত্রের ওপর মতামত দিতে পারবে। প্রাপ্ত মতামত গ্রহণযোগ্য হলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করবে। পরবর্তী সিন্ডিকেট সভায় জকসুর গঠনতন্ত্র চূড়ান্ত অনুমোদন পাবে। এর মধ্য দিয়ে প্রায় ৩২ বছর পর এই প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও ছাত্র সংসদ নির্বাচনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য ড. মীজানুর রহমান।

এর আগে গত ৮ জুলাই জকসু গঠনতন্ত্র প্রণয়নসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আমরণ অনশনের মুখে জকসু গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০০৫ সালে জাতীয় সংসদে পাশ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের কোনো বিধান না থাকায় এতদিন চাইলেই ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে পারেনি জবি প্রশাসন। সেই আইনে ছাত্র সংসদের বিধান যোগ করতে এর একটি গঠনতন্ত্র প্রণয়ন করে সেটি সবার মতামতের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আগে সর্বশেষ জগন্নাথ কলেজ ছাত্র সংসদের (জকসু) নির্বাচন হয় ১৯৮৭ সালে। এর আগে মোট ১৩টি নির্বাচন হয়েছে এ প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানে। ১৯৫৪ সালে জগন্নাথ কলেজ ছাত্র সংসদের (জকসু) প্রথম নির্বাচন হয়।

জকসুর খসড়া গঠনতন্ত্রের উল্লেখযোগ্য দিক

জকসুর খসড়া গঠনতন্ত্র মতে, অনার্স প্রথম বর্ষ প্রথম সেমিস্টার থেকে এমফিল পর্যন্ত নিয়মিত শিক্ষার্থীরা জকসুর নির্বাচনে অংশ নিতে পারবেন। তাদের বয়স হতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার দিন পর্যন্ত অনূর্ধ্ব ২৬ বছর। ২৬ বছরের বেশি বয়সসীমার কেউ ভোটও দিতে পারবেন না। যারা ইভিনিং কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছেন তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট বা কলেজের শিক্ষার্থীরা জকসু নির্বাচনে অংশ নিতে পারবেন।

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা হবে।

এদিকে জকসু নির্বাচনের জন্য গঠনতন্ত্র তৈরি একটা ইতিবাচক দিক হিসাবে দেখছে ছাত্র সংগঠনগুলো। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ ও শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে জকসু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। মুক্তিযুদ্ধের বিরোধী ও সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যেন ছাত্র সংসদের নেতৃত্বে আসতে না পারে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

 

০