কুমিল্লাকে ৭ উইকেটে হারালো রাজশাহী

বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লাকে ৭ উইকেটের হারিয়েছে রাজশাহী। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে কুমিল্লা ৮ উইকেটে ১৭০ রান তোলে। জবাবে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী।

 

রাজশাহীর জয়ের নায়ক আফিফ হোসেন। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে দলকে চতুর্থ জয় এনে দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। ওপেনিংয়ে তাকে যোগ্যসঙ্গ দিয়েছেন লিটন। ১৯ বলে ২ চার ও ২ ছক্কা হাঁকিয়ে লিটন ২৭ রানে আউট হন। তার উইকেট নিয়ে আফগানিস্তানের মুজিব-উর-রহমান টি-টোয়েন্টিতে শততম উইকেটের স্বাদ পান। তিনে নেমে শোয়েব মালিক আজ ভালো করতে পারেননি। ১ রানে ফেরেন আল-আমিনের বলে।

 

 

এর আগে টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক রাসেল। অফ ফর্মে থাকা সৌম্যকে সরিয়ে কুমিল্লার কোচ ওটিস গিবসন ওপেনিংয়ে পাঠান ডেভিড মালানকে। তাতে কাজের কাজ হলেও অপরপ্রান্তে থাকা রাজাপাকশের ব্যাট আজ হাসেনি। চার মেরে ইনিংস শুরু করলেও তার ইনিংসটি থেমে যায় ১০ রানে। বরাবরের মতো ফ্লপ সাব্বির রহমান ও সৌম্য সরকার। সাব্বির আউট হন ৫ রানে। সৌম্যর ব্যাট থেকে ১ চার ও ১ ছক্কা আসলেও ২০ রানে থেমে যেতে হয় তাকে।

 

হতাশ করেন অধিনায়ক দাসুন শানাকা ও ইয়াসির আলী রাব্বী। দুজনকে ১৫তম ওভারে সাজঘরের পথ দেখান পেসার আবু জায়েদ রাহী। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ডেভিড মালান ছিলেন অপ্রতিরোধ্য। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত এক ছন্দে ব্যাটিং করেছেন। ৩৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া এ ব্যাটসম্যান পরের ২১ বলে তুলে নেন সেঞ্চুরি। ইনিংস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০০ রানে। তার একার লড়াইয়ে কুমিল্লা বড় পুঁজি পেলেও রাজশাহীর জন্য তা কঠিন ছিল না।

 

ইত্তেফাক/ইউবি