প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক হিসাবে নিয়োগ পেলেন ডা. এ বি এম আবদুল্লাহ

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান, মেডিসিন অনুষদের তিনবার নির্বাচিত ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক হিসেবে কাজ করেছেন।

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ১৯৭৮ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৯২ সালে লন্ডন রয়েল কলেজ থেকে এমআরসিপি এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে এফআরসিপি লাভ করেন। মেডিসিন বিষয়ে তার লিখিত ৭টি বই বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মেডিক্যাল কলেজগুলোতে পঠিত হয়। এই বইগুলো ভারতের দিল্লির আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা জেপি ব্রাদার্স ও এলসিভিআর থেকে প্রকাশিত হয়। তার স্ত্রী তেজগাঁও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। দুই সন্তান চিকিত্সা পেশায় নিয়োজিত।