বিনোদন রিপোর্ট
নতুন বছরের হাওয়ায় নতুন গানের সুর মেশাতে আসছে অতনু তিয়াসের ‘কৃষ্ণ কৃষ্ণ হাওয়া লাগে গায়’। শুধু গান নয়, মিউজিক ভিডিও রূপে দর্শক-শ্রোতাদের সামনে আসছে গানটি। মূলত কাব্যনির্ভর গানই এ শিল্পীর স্বাতন্ত্র্য। এ গানেও সেই ছাপ রয়েছে। নতুন বছরটি যেন সবাই প্রেমময় সুরে শুরু করতে পারে সেই প্রত্যাশা নিয়ে অতনু বলেন, ‘আমার এ গানটি অনেক আগে বাঁধা। দীর্ঘদিন পর গানটি প্রকাশ পেতে যাচ্ছে। মূলত লোকধারার গান বাঁধতে ও গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। এ গানটিও তার ব্যতিক্রম নয়। আর আমাদের পদাবলির ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে প্রেমের এ গানটি করেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’ গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। গানটির চিত্রায়ণ করেছেন আরাফাত সেতু। আর এ গানের চিত্রায়ণে অংশ নিয়েছেন মাসুদা ফেরদৌস নিশাত ও শিশির রোয়েদাদ। গানটি অতনু তিয়াসের নিজস্ব ইউটিউব চ্যানেলে খুব শিগগির প্রকাশ পেতে যাচ্ছে।