সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চল
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলে সাড়ে ৩০০ বানরের ওপর প্রভাব ফেলেছে চলমান শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের কারণে বানর দেখতে যাওয়া দর্শনার্থীর সংখ্যা কমে গেছে। দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়ায় বানরদের খাদ্যসংকট দেখা গিয়েছে।
জানা যায়, বন উজারের সঙ্গেসঙ্গে বানরগুলো পড়েছে খাদ্যসংকটে। বন বিভাগের দেওয়া চাউল এক সময় বানরগুলোর আহার নিবারণের একমাত্র উপায় ছিল। সড়ক যোগাযোগ ভালো হওয়ায় পর থেকে গত পাঁচ-ছয় বছর ধরে বানর দেখতে বনে ভীড় করতে শুরু করে দর্শনার্থীরা। বানরগুলো ছুঁয়ে দেখতে তারা খইমুড়ি বাদাম কলাসহ নানা খাবার নিয়ে আসে। কদিন ধরে টানা শৈত্যপ্রবাহে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে সন্তোষপুর বনে।
সরেজমিন, সন্তোষপুর বন পরিদর্শন করে দেখা গেছে, বনের বানরগুলো খাবার না পেয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে। একটু রোদের আশায় দল বেঁধে খোলা মাঠে রোদের জন্য অপেক্ষা করছে। বনের দোকানদার মকবুল বলেন, শীত বেশি থাকায় সহজেই কেউ আর বনে বানর দেখার জন্য আসে না। দর্শনার্থী না থাকলে বানরগুলো খাবার সংকটে পড়ে।
সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর তো কারো হাত নেই। তারপরও আমরা চেষ্টা করছি বানরগুলো যেন অনাহারী না থাকে।