বড়াইগ্রামে নিখোঁজের ৯ দিন পর মিলল বৃদ্ধের লাশ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৯ দিন পর আবদুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর পাবনাপাড়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুস সাত্তার উপজেলার মাঝগাঁও দক্ষিণপাড়া গ্রামের মৃত সিফাতুল্লাহ মোল্লার ছেলে। নিহতের স্বজনেরা জানায়, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৬ ডিসেম্বর সোমবার বিকালে স্থানীয় বাজারে চা খেতে গিয়ে তিনি আর ফিরে আসেননি।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।