নোয়াখালী প্রতিনিধি
জেলা শহর মাইজদীর ভাড়া বাসায় যৌতুকের জন্য স্ত্রী নিলুফার ইয়াসমিন কলির (২৭) মাথার চুল কেটে ও গরম খুন্তি দিয়ে শরীর ঝলসে দেওয়ার ঘটনায় স্বামী মোশাররফ হোসেন উজ্জলকে (৩৭) মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিনামবন্দর থেকে উজ্জলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সোমবার থেকে উজ্জলকে গ্রেফতারের জন্য জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একই সঙ্গে আসামি উজ্জল যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে জন্য জেলা ও জেলার বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বিমানবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে তার পাসপোর্টের ছায়া কপি ও ছবি পাঠানো হয়।
গত বুধবার রাতে উজ্জল তার স্ত্রী কলিকে নির্যাতন চালায়। সোমবার সন্ধ্যায় নির্যাতনের শিকার কলিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার ছয় দিন পর মঙ্গলবার সকালে কলির বাবা ইউসুফ আলী বাদী হয়ে উজ্জলকে আসামি করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার দৈনিক ইত্তেফাকের ১৯ পৃষ্টার ৮ এর কলামে ‘নোয়াখালীতে গরম খুন্তি দিয়ে স্ত্রীর শরীর ঝলসে দিল স্বামী’ এ শিরোনামে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়।