আজ শুরু বক্সিং ডে টেস্ট
স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারের ইতি টানার জন্য বড়দিনটাকেই বেছে নিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার। আজ বক্সিং ডে-তে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার চার টেস্টের সিরিজ। আর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন এই অলরাউন্ডার।
৩৪ বছর বয়সি ফিল্যান্ডার সব ফরম্যাট মিলে ৯৭টি ম্যাচ খেলে পেয়েছেন ২৬১ উইকেট। অনেক সম্ভাবনা থাকার পরও ইনজুরির কারণে ক্যারিয়ার খুব কখনোই খুব একটা লম্বা হয়নি। ২০১১ সালে অভিষেক হয় তার। সেই হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন আট কি নয় বছর।
ফিল্যান্ডার বিদায়ের ঘোষণা দিয়ে বলেন, ‘আমি মনে করি, দারুণ একটা যাত্রা শেষ করার জন্য এটাই সঠিক সময়। দেশের হয়ে, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট শক্তির হয়ে খেলতে পারাটা আমার জন্য বিশেষ সম্মান ও গর্বের ব্যাপার ছিল।’
বিদায় বেলায় পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিল্যান্ডার। বললেন, ‘আমি বড়ো একটা ধন্যবাদ জানাতে চাই আমার স্ত্রীকে, পরিবারকে ও বন্ধুদের। তাদের সমর্থন গোটা ক্যারিয়ার জুড়েই আমার পাশে ছিল। আর সবচেয়ে বড়ো ধন্যবাদ জানাতে চাই মাকে, তিনি একদম প্রথম দিন থেকে আমার সবচেয়ে বড়ো সমর্থক ছিলেন।’
ফিল্যান্ডারের শেষের শুরুটা হচ্ছে আজ থেকে। আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট খেলতে নামবেন ফিল্যান্ডার। ফিল্যান্ডার জানালেন শেষটা ইংল্যান্ডকে হারিয়েই রাঙিয়ে দিতে চান তিনি। বললেন, ‘আমি ইংল্যান্ডকে প্রোটিয়াদের হয়ে নিজের পুরোটা মনোযোগ ও শক্তিমত্তা কাহে লাগাব। রোমাঞ্চ নিয়ে মাঠে নামার জন্য অপেক্ষায় আছি।’
যদিও দক্ষিণ আফ্রিকা ঠিক সুবিধাজনক অবস্থানে নেই চলতি বছরে। শ্রীলঙ্কার কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজ হার, এছাড়াও ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার কাছেও সিরিজ হারে প্রোটিয়ারা। আর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ওয়ানডে বিশ্বকাপেও ব্যর্থতার সবটুকুই দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর প্রথমবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে ভারতের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় প্রোটিয়ারা।
দলের ব্যর্থতার পর বোর্ড প্রধানের বরাখাস্তের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও সেদেশের ক্রিকেট অ্যাসোসিয়েশন মধ্যকার দীর্ঘকালীন বিরোধের অবসান ঘটে। প্রধান নির্বাহীও পদত্যাগ করেন থাবাং মোরে।
এরপর অন্তর্বর্তীকালিন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পান সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর সাবেক উইকেটরক্ষক মার্ক বাউচার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পান জাতীয় দলের। দায়িত্ব নিয়েই দলের কোচিং স্টাফে রদবদল করেন বাউচার। জাতীয় দলের এক সময়কার সেরা ব্যাটসম্যান জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেন তিনি। এতে দক্ষিণ আফ্রিকার শিবিরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে।
এছাড়া জাতীয় দল থেকে অবসর নেওয়া তিন খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ডেল স্টেইন ও মরনে মরকেলকে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করছেন বাউচার। বলা যায়, এই সিরিজ দিয়েই নতুন করে সূচনা করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
দারুণ একটা অর্জনের দুয়ারে আছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। শ্রীলঙ্কার অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইংলিশদের হয়ে ১৫০তম টেস্ট খেলতে নামবেন তিনি।