ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্তির জন্য প্রথম কোম্পানি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রসপেক্টাস জমা দিয়েছে স্বল্প মূলধনি ব্যবসাপ্রতিষ্ঠান মিরা এগ্রো ইনপুটস লিমিটেড। মঙ্গলবার ডিএসইর এসএমই ডিপার্টমেন্টের প্রধান সৈয়দ ফয়সাল আবদুল্লাহ কোম্পানিটির প্রসপেক্টাস গ্রহণ করেন।
ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম, পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী এ সময় উপস্থিত ছিলেন। ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, এসএমই খাতের প্রথম কোম্পানি হিসেবে মূলধন উত্তোলন করে মিরা এগ্রো ব্যবসার প্রসার ঘটিয়ে বিনিয়োগকারীদের লাভবান করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিচালক মিনহাজ মান্নান ইমন আশা প্রকাশ করে বলেন, এই পথ ধরেই অনেকগুলো কোম্পানি লিস্টেড হবে। জমাকৃত প্রসপেক্টাস বিএসইসি ও ডিএসই যাচাইবাছাই ও মূলধন উত্তোলন-পূর্বক ২০২০ সালের প্রথম প্রান্তিকে লেনদেন হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।