চট্টগ্রাম ওয়াসার অন্যতম কাজ হলো সাজানোগোছানো সংসারে কাটাকাটি বাধানো। রাস্তার মাথা থেকে বহদ্দারহাট এই সড়কই কেবল জানে কেমন অবিচার করেছে এই ওয়াসা তাদের ওপরে। আজো সে ক্ষত সারাতে পারেনি। চকবাজার থেকে রাহাত্তারপুল পথটি মাত্রই হলো, সেখানে যদি কাজ করার থাকে তো এতদিন ওরা কেন এলো না! প্রতিটি জায়গায় এই চিত্র! সিটি কপোরেশন সুন্দর করে একটা পথ তৈরি করবে। উদ্বোধন করার পরদিন ওয়াসা যাবে। নগরবাসী কি করের টাকা দিচ্ছে সমন্বয়হীন যেমন খুশি তেমন খরচের জন্য? ওয়াসার লোকজন ভাগ্যিস কোনো গণপরিবহনে যাতায়াত করে না। করলে বুঝতে পারত। কতটা ক্ষোভ মানুষ জমিয়ে রেখেছে। এসব অপচয় রোধ করবে কে? কোনো কাজ করার সময় সমন্বয় করে করলে ভালো হয়। না আমাদের দেশের গুঁতোগুঁতির সংস্কৃতি সর্বত্র বিরাজমান। প্রয়োজনে কিছুটা বেশি অর্থ বরাদ্দ দিয়ে হলেও কাজগুলো গুছিয়ে করলে আর এ ধরনের পরিস্থিতি তৈরি হয় না। সামনের দিনে চট্টগ্রাম সিটি মেয়র এবং ওয়াসা কর্মকর্তাগণ বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করি। যত্রতত্র কাটাকাটির আগে জনভোগান্তির কথা মাথায় রাখবেন ওয়াসার লোকজন—পরিশেষে এটাই প্রত্যাশা।
সিরাজুল মুস্তফা,
চট্টগ্রাম