ইত্তেফাক রিপোর্ট
বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে রোবটিক্স ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, সেই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়েও আমরা প্রোগ্রামিং এবং আইসিটি বিষয়কে নিয়ে যেতে চাই।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ২১তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদকজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গত ১১ বছরে আমরা ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছি। আগামী পাঁচ বছরে আরও ২০ হাজার ল্যাব স্থাপন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য ২০৪১ সালের টার্গেট সামনে রেখে পদ্মাসেতুর ওপারে ৭০ একর জায়গার ওপর শেখ হাসিনা ইনস্টিটিউট ফ্রন্টিয়ার টেকনোলজি তৈরি করা হচ্ছে। যেখানে ছাত্রছাত্রীরা আধুনিক সব প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আন্তর্জাতিক অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীদের হাতে ফুল এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীরা চারটি রৌপ্য এবং দুইটি ব্রোঞ্জ পদক জয় করে এনেছেন। থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিত ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে একটি স্বর্ণ, দুইটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ এবং একটি কারিগরি পদক জয় করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. লাফিফা জামাল, বুয়েটের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী, ফ্রিডম ফাউন্ডেশনের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।