খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি তথ্যসন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার পুরোনো শারীরিক সমস্যাকে বড়ো করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের সাম্প্রতিক বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো বহু পুরোনো। তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দুইবার বিরোধীদলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।
গতকাল বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন। এসময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্মসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করব। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করব।