পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শিগগিরই সিলেট থেকে চট্টগ্রামে নতুন ট্রেন চালু হবে। এছাড়া বর্তমানে চলমান ট্রেনগুলোতেও উন্নতমানের বগি সংযোজন করা হবে। তিনি বলেন, সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে এটি আমাদের জন্য অনেক বড়ো অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা। বুধবার বিকালে নগর ভবনে নগর এক্সপ্রেস সিটি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া গতকাল একনেকের সভায় সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে ১ হাজার ২২৮ কোটি টাকা অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সবাইকে নিয়ে সিলেটকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে চাই।
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর তৌফিক বকস লিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সমপাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সমপাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।