অতীত নির্বাচনের পুনরাবৃত্তি চান না মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পুনরাবৃত্তি ঢাকার দুই সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে তিনি দেখতে চান না। কেননা, এই তিন সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। ঢাকার দুই সিটির নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিতে ‘জিরো টলারেন্স’ দেখাতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব তালুকদার এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহবুব তালুকদার বলেন, তার অভিজ্ঞতা হচ্ছে নির্বাচন কমিশন আইনগতভাবে স্বাধীন। কিন্তু বাস্তব ক্ষেত্রে সেই স্বাধীনতা নির্বাচন প্রক্রিয়ার কাছে বন্দি। এজন্য নির্বাচন প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন। নির্বাচন যদি গণতন্ত্রের পূর্বশর্ত হয়, তাহলে গণতন্ত্রের পদযাত্রা অবারিত করতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ হতে হবে। অবৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি বা গণতন্ত্রের প্রতি কোনো ‘কমিটমেন্ট’ থাকে না।

তিনি বলেন, অতীতে যেসব সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, তাতে কুমিল্লা ও রংপুর সিটি নির্বাচনে ইসির সফলতা ছিল। কিন্তু বেশি দিন ‘আপনার রূপে আপনি বিভোর’ থাকা হয়নি। পরবর্তী পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের তিনটির সঙ্গে তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আমি এককভাবে দায়িত্ব পালন করি এবং গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমি প্রতিবেদন তৈরি করতে গিয়ে এই তিনটি নির্বাচনের স্বরূপ সন্ধান করি। কিন্তু এই তিন সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা আমার কাছে মোটেই সুখকর নয়।’

মাহবুব তালুকদার বলেন, ‘ভোটারদের বলি, ভোটাধিকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র হরণকারীদের উপযুক্ত জবাব দিন।’

এ সমসয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির সিনিয়র সচিব মো. আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

০