ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যখন নির্বাচনে যাওয়ার ঘোষণা দেই তখন বলেছি, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। জনগণের রায় এখানে প্রতিফলিত হয় না। তারপরেও আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি সেজন্য নির্বাচনে অংশগ্রহণ করছি। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের নবনির্বাচিত আংশিক কমিটি নিয়ে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন এরই মধ্যে জানিয়েছে ইভিএমের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হবে। আমরা এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছি। এতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার সম্ভাবনা কম। এখনো পর্যন্ত এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ছাত্রদল ছাত্র-জনতার ঐক্য গড়ে তুলবে। নতুন বছরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করবে। অসুন্দরকে পরাজিত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সাধারণ সম্পাদক আমিনুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।