বড়দিনেও হংকংয়ে বিক্ষোভ, সহিংসতা

বড়দিনের উত্সবের মধ্যেও হংকংয়ে বিক্ষোভ করেছে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা। গতকাল বুধবার অনুষ্ঠিত ঐ বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আন্দোলনকারীরা বড়দিনের উত্সবের জন্য সজ্জিত হংকংয়ের বিভিন্ন শপিং সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। তারা কিছু শপিং সেন্টারের ভেতরে প্রবেশ করে স্লোগান দিতে থাকে। তাদের বিক্ষোভের মুখে একটি শপিংমল বন্ধ করে দেওয়া হয়। এ সময় শপিংমলের বাইরের রাস্তায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

খবরে বলা হয়েছে, শত শত বিক্ষোভকারী কালো পোশাক ও মুখে মাস্ক লাগিয়ে বিভিন্ন শপিংমলে জড়ো হয়। শা-তিন এলাকায় পেপার স্প্রের পর কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে,  ২৫ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।  

চলতি মাসের শুরুতে হংকংয়ে অনুষ্ঠিত ডিস্ট্রিক্ট কাউন্সিল ভোটে গণতন্ত্রপন্থিরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। এর পরও চীনপন্থি হংকং কর্তৃপক্ষ নতুন করে কোনো ছাড় দেওয়ার বিষয়ে আগ্রহ দেখায়নি। ২৮ বছর বয়সি চ্যান নামের এক বিক্ষোভকারী বলেন, বড়দিনেও সংঘর্ষ প্রত্যাশিত ছিল। দীর্ঘদিনের বিক্ষোভেও সরকার কোনো সাড়া না দেওয়ায় আমি হতাশ। তার পরও আমরা বিক্ষোভ চালিয়ে যাব।

অন্যদিকে হংকংয়ের বেইজিংপন্থি নির্বাহী প্রশাসক ক্যারি লাম এএফপিকে জানিয়েছেন, আন্দোলনকারীরা বড়দিনের উত্সব মাটি করে দিয়েছেন। ফেসবুকে এক পোস্টে তিনি আন্দোলনকারীদের লাগামহীন বিক্ষোভে স্থানীয় ব্যবসা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 উল্লেখ্য, বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে হংকংয়ে প্রায় ছয় মাস আগে বিক্ষোভ শুরু হয়। সরকার ঐ বিল বাতিল করার পর, এখন সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছে বিক্ষোভকারীরা।