তেজগাঁওয়ে বাসায় ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার নিকেতনে দুর্বৃত্তরা একটি বাসায় ঢুকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। ঐ বৃদ্ধের নাম তোবারক হোসেন (৭০)। গতকাল বুধবার ভোরের দিকে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ জানিয়েছে, ঐ বৃদ্ধকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তার মাথায় ধারাল অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির কর্মচারীসহ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গেছে, তোবারক হোসেনের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জের চর পাড়ে। তিনি নিকেতনের একটি ভবনের চারতলায় নিজ ফ্ল্যাটে একা থাকতেন। তবে তার দুই কর্মচারী সাইফুল ও হাসান ঐ বাসায় তার সঙ্গেই থাকতেন। গতকাল ভোরে তোবারকের ফ্ল্যাটে কলিংবেল বেজে ওঠে। তখন তার এক কর্মী দরজা খুলে দিলে দুই মুখোশধারী ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে পড়েন। তারা তোবারককে কুপিয়ে জখম করেন। পরে তার কর্মী থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা তোবারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক। পরে তোবারকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি (তদন্ত) কাজী শফিউল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের পর এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপরজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

ওসি আরো জানান, তোবারকের ফ্ল্যাটের আলমারি ভাঙা পাওয়া গেছে। সেখান থেকে টাকা লুট হয়েছে বলে জানা গেছে। তিনি আরো বলেন, তোবারক হোসেন চট্টগ্রামের শফি মাইজভাণ্ডারীর অনুসারী ছিলেন। তার বাসায় মাইজভাণ্ডারীর ভক্তরা আসতেন। ধারণা করা হচ্ছে, মতাদর্শগত বিরোধ বা টাকা লুটের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘাতকদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।