রুনা লায়লার পর এবার সাবিনা ইয়াসমিন

 

এদেশের কিংবদন্তী শিল্পী রুনা লায়লার সুরে চলচ্চিত্রের গান মুক্তি পেয়েছে আগেই। চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্রে রুনা লায়লার সুরে গান গেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা লায়লা। এদিকে  

কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন চার দশকেরও বেশি সময় ধরে গানের পাখি হয়ে মুগ্ধ করে রেখেছেন বাংলা গানের শ্রোতাদের। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন শ্রোতাদের সামনে। প্রথমবারের মতো গানের সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। বরেণ্য অভিনয়শিল্পী ও নির্মাতা সারাহ বেগম কবরীর অনুদান প্রাপ্ত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার সংগীত পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমিন। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমাকে বেশ কিছুদিন ধরেই কবরী বলছিল যেন সংগীত পরিচালনার দায়িত্ব নিই। অনেক ভেবে-চিন্তেও তার অনুরোধ ফেলতে পারিনি। একেবারেই নতুন অভিজ্ঞতা হবে। তবে ভালো কিছু হবে বলে আশা করছি।’