আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত দুই সপ্তাহ বিশ্বকাপের জন্য বগুড়ায় ক্যাম্প করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ যুব দল। আজ থেকেই আবার কয়েক দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন যুবারা। বিশ্বকাপ খেলতে আগামী ৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের ফ্লাইটে দেশ ছাড়বে আকবর আলীর দল।
ছুটিতে যাওয়ার আগে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান সাক্ষাত্ করেছেন যুব দলের ক্রিকেটারদের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলেছেন, ফটোসেশনে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি। শুধু বোর্ড সভাপতিই নয়, গতকাল যুব দলের ক্রিকেটাররা পাশে পেয়েছে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। দুই জনই কথা বলেছেন যুবাদের সঙ্গে। বিসিবি কার্যালয়ে বিশ্বকাপের মিশনের আগে তারা পরামর্শ দিয়েছেন অনুজদের।
বিসিবি সভাপতির বিশ্বাস বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ যুব দল। আকবর আলীর সেমিফাইনালে উঠলে দক্ষিণ আফ্রিকা যাবেন তিনি। গতকাল নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তারা কিন্তু সাম্প্র্রতিক সময়ে বেশ ভালো ক্রিকেট খেলছে। তারা অনেক ভালো ফলাফলও পেয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার দৃঢ় বিশ্বাস দক্ষিণ আফ্রিকাতেও ওরা ভালো করবে ওদের এই ক্ষমতা আছে। ওদের বলেছি আজ পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকা যাইনি। এমনকি জাতীয় দলের জন্যও না। কিন্তু ওরা সেমিফাইনালে উঠলে যাব।’
আগামী ১৭ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুব বিশ্বকাপ। ১৬ দলের অংশগ্রহণে বিশ্বকাপে ম্যাচ হবে মোট ৪৮টি। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। পচেফস্ট্রুমে ১৮ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। ২১ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ জানুয়ারি আফগানিস্তান, ৯ জানুয়ারি পচেফস্ট্রুমের যুব দলের বিপক্ষে খেলবে টাইগার জুনিয়ররা। এরপর আইসিসির নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচও থাকছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ১৫ জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হূদয় (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরীফুল ইসলাম, মোহাম্মদ শাহীন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।
স্ট্যান্ড বাই
অমিত হাসান, এস এম মেহেরাব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহান, রুহেল মিয়া ও আসাদুল্লাহহিল গালিব।