বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন শেন ওয়াটসন। গতকাল রাত ১০টায় ঢাকায় নেমে যাওয়ার কথা অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারের। রংপুরের কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। আজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে খেলবে রংপুর। তবে এই ম্যাচে ওয়াটসনের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। টি-২০ বিশেষজ্ঞ এই অস্ট্রেলিয়ান অতীতেও অনেকবার বিপিএলে খেলার কথা পাকা করেছিলেন। নানা কারণে বিপিএলে দেখা যায়নি ওয়াটসনের ঝলক। অবশেষে বিপিএলে নাম লেখাচ্ছেন তিনি। বিগ ব্যাশ না খেলায় রংপুর পাচ্ছে ওয়াটসনকে। যদিও টুর্নামেন্টের শুরুতে তাকে পেতে চেষ্টা করেছিল খুলনা। বিপিএলে অবশ্য রংপুরের অবস্থান খুব সুবিধার নয়। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে দলটি। নিজেদের সর্বশেষ ম্যাচে চট্টগ্রামকে হারানো রংপুর ওয়াটসনকে ঘিরেই জ্বলে উঠতে চায়।