টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত ১৪ ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নের আবাসিক ভবন পরিত্যক্ত অবস্থায় আছে। জরাজীর্ণ এসব ভবন মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিসের অধিনে বেশ কয়েকটি আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা দেখা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে কৃষি বিভাগের কর্মকর্তাদের আবাসিক সুবিধার জন্য ৭০-৮০র দশকে ভবন নির্মাণ করা হয়েছিল। মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া (নতুন), গোড়াই, লতিফপুর (নতুন), তরফপুর, আজগানা ও বাঁশতৈল ইউনিয়নে এসব আবাসিক ভবন নির্মিত হয়েছিল। এসব আবাসিক ভবনে উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা বসবাস করে ইউনিয়ন ও প্রতিটি গ্রামের কৃষকদের খোঁজখবর নিয়মিত নিতেন।
১৪ ইউনিয়নের মধ্যে জামুর্কি ইউনিয়ন ও গোড়াই ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসিক ভবনে অত্যন্ত ঝুঁকি নিয়ে কৃষি বিভাগের কর্মকর্তাগণ বসবাস করছেন। অপর ১২ ইউনিয়নের আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত দীর্ঘ দিন ধরেই।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান বলেন, উপজেলার ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি বিভাগের কর্মকর্তাদের বসবাসের জন্য আবাসিক ভবনগুলোর মধ্যে জামুর্কি ও গোড়াই ইউনিয়নে সচল রয়েছে। অপর ১২ ইউনিয়নগুলোতে আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযুক্ত এবং এগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভবনগুলোতে বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য অর্থ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে জানানো হয়েছে। কিন্তু বরাদ্দ না আসায় উপসহকারী কৃষি অফিসারদের আবাসিক ভবনগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। বিষয়টির দিকে সুনজর দেওয়ার জন্য তিনি কৃষিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।