গাইবান্ধায় বিলুপ্তপ্রায় পাঁচ শকুন উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রাম থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির বিশাল আকারের হিমালয়ী গৃধিনী জাতের পাঁচটি শকুন উদ্ধার হয়েছে। বুধবার পরিবেশবাদী সংগঠন ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা শকুনগুলো উদ্ধার করে সন্ধ্যায় গাইবান্ধা বন বিভাগকে হস্তান্তর করে। পরদিন বৃহস্পতিবার চিকিত্সার জন্য দিনাজপুরের ইকোপার্কে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চিকিত্সা শেষে শকুনগুলোকে দিনাজপুরের ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। গাইবান্ধা জেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর হোসেন বলেন, পশ্চিম দিক থেকে উড়ে আসা বিশাল এক শকুনের ঝাঁক মধ্য ফলিয়া গ্রামের কয়েকটি গাছে আশ্রয় নেয়। এ সময় হঠাত্ করে পাঁচটি শকুন দুর্বল হয়ে নিচে পড়ে যায়। খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন ‘তীর’ গাইবান্ধা সরকারি কলেজ শাখার সদস্যরা এসব শকুন উদ্ধার করে। তিনি আরো জানান, এই প্রজাতির শকুনগুলো প্রায় বিলুপ্ত। এদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না।