বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি গতকাল বৃহস্পতিবার নগরীর বান্দ রোডের পাশে নির্মাণাধীন জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শন করেন। এ সময় একাডেমি ভবনে আগামী ১৭ মার্চ মুজিববর্ষের অনুষ্ঠান করার কথা জানান তিনি। পরে নির্মাণাধীন ভবনে স্থানীয় সুধীজন এবং সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বরিশালে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের নামে জেলা প্রশাসনের লিজ দেওয়া অর্পিত সম্পত্তি কোনোভাবেই বেহাত হতে দেওয়া হবে না। নগরীতে কবি জীবনানন্দ দাশের বিলুপ্ত পৈত্রিক বাড়ি উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের জেলা প্রশাসক জীবনানন্দ কমপ্লেক্স এবং একটি ভাস্কর্য নির্মাণের দাবি জানিয়েছেন। সরকার সারা দেশের বরেণ্য ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ঐ প্রকল্পের আওতায় জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার চিন্তাভাবনা করছে সরকার। কেউ যদি জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটার মালিকানা নিয়ে থাকেন তাহলে অধিগ্রহণ করে সেই জমি পুনরুদ্ধার করার কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।  মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সংস্কৃতিজন এসএম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল ইসলাম নজরুল, জেলা কালচারাল অফিসার হাসানুর রশীদ মাকসুদ।