চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক ভিটা সংরক্ষণ ও ‘হেরিটেজ’ ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারের মাধ্যমে রাজশাহীর তরুণরা এ স্মারকলিপি হস্তান্তর করে। এসময় তরুণদের সংগঠন ‘ইয়্যাস’ সভাপতি শামীউল আলীম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশ ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবাস কুমার শুভ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৯৮৯ সাল থেকে নামমাত্র মূল্যে ইজারা নিয়ে ব্যবহার করছে। অথচ সেখানেই ঋত্বিক ঘটকের শৈশব, কৈশোর ও তারুণ্যের বড় একটা অংশ কেটেছে।