মানিকখালীতে দুই জেলেকে বেঁধে পিটিয়েছে দস্যুরা

চাঁদার দাবিতে কাঁকড়া আহরণকারী দুই জেলেকে সুন্দরবনে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়েছে বনদস্যুরা। এ সময় দস্যুরা লুটে নিয়েছে জেলে নৌকায় থাকা আহরিত বিপুল পরিমাণ কাঁকড়া।

বুধবার বিকালে দুবলারচর সংলগ্ন মানিকখালীতে এ ঘটনা ঘটে। দস্যুদের অতর্কিত হামলার শিকার মারুফ (৫০) নামের এক জেলেকে উদ্ধার করে দুবলা বনবিভাগের টহল ফাঁড়িতে প্রাথমিক চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহত অপর জেলে হলো রফিক (৪৫)। জেলেরা জানায়, বুধবার বিকালে সুন্দরবনের মানিকখালী খালে কাঁকড়া আহরণকারী জেলে নৌকায় আকস্মিক হানা দেয় দস্যুরা। এ সময় চাঁদার দাবিতে নৌকা থেকে মারুফ নামের এক জেলেকে তুলে নেয় দস্যুরা। বনদস্যুদের কবল  থেকে মুক্তি পাওয়া জেলে মারুফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাতেই দুবলা বনবিভাগের টহল ফাঁড়িতে নিয়ে প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়। পরে বৃহস্পতিবার সকালে গুরুতর আহত ঐ জেলেকে আলোরকোল কোস্ট গার্ড টহল স্টেশনে নেওয়া হয়েছে।

আলোরকোল কোস্ট গার্ড টহল ফাঁড়ির চিফ পিটি অফিসার ফিরোজ আলম জানান, গুরুতর আহত জেলের প্রাথমিক চিকিত্সা ব্যবস্থাসহ দস্যু গ্রুপটির সদস্যদের ধরতে কোস্ট গার্ডের অভিযান চলছে।