ভোলায় বিপুল ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলার থেকে বস্তাভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রিপিস জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাটের কোস্ট গার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জোনের কমান্ডারের পক্ষে লে. ওয়াসিম আকিল জাকির। তিনি আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ধাওয়া করলে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলার রেখে মাঝি ও যাত্রীরা পালিয়ে যায়। পরে ট্রলার থেকে ৩৪৫টি বস্তাভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রিপিস জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় পাঁচ টাকা। জব্দকৃত শাড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।