রাজপাট ডিগ্রী কলেজ

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

কাশিয়ানী উপজেলার রাজপাট ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। পরীক্ষার্থী ও অভিভাবকরা জানায়, ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৮০ টাকার স্থলে ৩ হাজার টাকা করে নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে কলেজের শিক্ষকরা অতিরিক্ত টাকা দিয়ে কলেজ উন্নয়নের কাজ করা হবে বলে জানায়। রাজপাট কলেজের ভাইস প্রিন্সিপ্যাল মো. মনিরুজ্জামান অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, রেজুলেশন করে তারপর উক্ত টাকা নেওয়া হয়েছে। এটা ইউএনও স্যার জানেন। এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহমেদ বলেন, রেজুলেশন করে ফি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। আর অতিরিক্ত ফি নেওয়ার প্রমাণ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।