পূর্ব নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস পর আজ শুক্রবার শুরু হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য বরিশালবাসীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন।
এর আগে গত ১৭ ও ১৮ অক্টোবর ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ধার্য থাকলেও উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ ৫টি পদ খালী থাকায় ঐ দফায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে ঐ দফায় ছাপানো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাদ দিয়ে নতুন প্রশ্নপত্র ছাপানো হয়েছে বলে উপাচার্য জানিয়েছেন। এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।