জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার নগরীর পিসি রোডস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। সভায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৩০ জুন ২০১৯ তারিখে সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, মো. আশরাফুজ্জামান, মো. আব্দুল আহাদ, মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক মুখতার আহমদ, উপদেষ্টা মুশফিক সালেহিন সাদাফ, সাদমান সায়কা সেফা, সিএসইর সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় বহুসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, জিপিএইচ ইস্পাত ২০২০ এর জানুয়ারিতে বিশ্বসেরা কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে ক্লিনেস্ট ইস্পাত উত্পাদন শুরু করতে যাচ্ছে। তিনি বলেন, কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল ৮০৬.২০ মিলিয়ন টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২১.০৪ শতাংশ বেশি অর্জিত হয়েছে।