কেরানীগঞ্জে কারখানায় আগুন

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন দগ্ধ আট জন

কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আট জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাঁচ জন হাসপাতাল ছেড়েছেন। ছাড়পত্র পেলেও বাকি তিন জন এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন। তবে দুই-এক দিনের মধ্যেই তারা হাসপাতাল ছাড়বেন বলে জানা গেছে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সোহাগ দেওয়ান ও ফিরোজ আহমেদকে গতকাল পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়নি। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের ঐ কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। দগ্ধ ৩২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির পর পর্যায়ক্রমে ২২ জনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার যারা হাসপাতাল ছেড়েছেন তারা হলেন—আসলাম, সাজিদ, জাকির, বসির ও লাল মিয়া। হাসপাতাল ছাড়ার অপেক্ষায় আছেন সিরাজ, সাখাওয়াত এবং জিসান।

বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার জানান, ছাড়পত্র পাওয়া সবাই এখন শঙ্কামুক্ত। ছাড়পত্র পাওয়াদের মধ্যে যারা এখনো হাসপাতাল ছাড়েননি তারা বার্ন ইউনিটে আছেন।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিন জানান, ছাড়পত্র পাওয়া রোগীদের শরীরের ১০ থেকে ২৯ শতাংশ দগ্ধ ছিল। আমাদের চিকিত্সকদের অক্লান্ত পরিশ্রম এবং সুচিকিত্সায় আজ তারা সুস্থ। তাই তাদের রিলিজ দেওয়া হয়েছে।