ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন উপলক্ষ্যে জামানতের টাকা জমা দেওয়ার সুবিধার্থে মহানগর এলাকার ব্যাংক আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইসির উপসচিব (নির্বাচন পরিচলনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে ঋণখেলাপি কেউ থাকলে, সে বিষয়ে তথ্য দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন কিংবা তার আগেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য সরবরাহ করতে হবে। একই সঙ্গে প্রয়োজনে ব্যাংক কর্মকর্তা/প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসদুল ইসলামকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে একটি ডিও লেটার (আধা সরকারি পত্র) পাঠিয়ে নির্দেশনাটি বাস্তবায়ন করতে বলেছেন।
উল্লেখ্য, তপশিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।