বলিভিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব মেক্সিকোর

বলিভিয়ার লা পাজে অবস্থিত দূতাবাসের কর্মীদের হয়রানি এবং তাদের কাজে হস্তক্ষেপ করার অভিযোগে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত বলিভিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়েছে। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তলব করা দূতের কাছে ‘বলিভিয়ার কর্তৃপক্ষের আচরণের ব্যাখ্যা চাওয়া হবে’।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসকে মেক্সিকো রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর থেকেই বামপন্থি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরের সরকারের সঙ্গে বলিভিয়ার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ জেনাইন আনিয়েজের প্রশাসনের টানাপোড়েন চলছে। গত কয়েক দিন ধরেই মেক্সিকো তাদের দূতাবাসের বাইরে বলিভিয়ার নিরাপত্তা বাহিনীর নজরদারি এবং দূতাবাস কর্মীদের হয়রানির অভিযোগ করে আসছে। বিবৃতিতে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে হাজির হতে বলা হয়েছে। দূতাবাসের বিভিন্ন স্থাপনায় মেক্সিকো কর্তৃপক্ষ ৯ জনকে কূটনৈতিক সুরক্ষা দিচ্ছে বলেও এতে জানানো হয়েছে।