শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফের ছোড়া গুলিতে আহত আনোয়ার হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবকের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার রাত সোয়া সাতটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আনোয়ারের চাচা মতি আলী জানায়, প্রায় এক সপ্তাহ আগে বাড়ির কাউকে না বলে ভারতে যায়।

শনিবার ভোর সাড়ে তিনটার দিকে মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর সীমান্ত পিলারের মধ্যদিয়ে বাড়ি ফেরার পথে ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে আনোয়ার লিটন ও রাজু আহত হয়। এদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিত্সা নিলেও আনোয়ারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিত্সার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়। চিকিত্সাধীন অবস্থায় রাত সাতটার দিকে তার মৃত্যু হয়।

মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য হাবিল বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।