পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না। গতকাল বৃহস্পতিবার কলকাতায় নাগরিকত্ব আইন সংশোধন (সিএএ) বিরোধী সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন, দিল্লির বিক্ষোভে বিরোধীদের উস্কানি আছে। লেখিকা অরুণন্ধতী রায় বলেছেন, ভারতে চলা বিক্ষোভের মধ্যে আশা দেখা যাচ্ছে। খবর এনডিটিভির
বিক্ষোভ সমাবেশে মমতা ব্যানার্জি স্পষ্ট করেছেন, যতক্ষণ না দেশ থেকে সিএএ বিলোপ করা হবে, ততক্ষন শান্তিপূর্ণ আন্দোলন চলবে। দেশব্যাপী চলা ছাত্র-আন্দোলনের সমর্থনে মমতা ব্যানার্জি জানান,তোমরা ভয় পেও না। আমি তোমাদের সঙ্গে আছি। বিজেপিকে আমি সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। তিনি অভিযোগ করেন, বিজেপি আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। ছাত্রাবাস খালি করে দিতে বলা হচ্ছে। জামিয়া মিলিয়া, আইআইটি কানপুর আর অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের পাশে থাকার অঙ্গীকার করে তিনি প্রশ্ন করেন, ছাত্ররা প্রাপ্তবয়স্ক ও ভোটার। তারা আন্দোলন করলে ক্ষতি কোথায়? সবাইকে একত্রিত করতে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ওপর জোর দিতে বলেন তিনি।
বিরোধীদের উস্কানি আছে : অমিত শাহ
দিল্লির টুকরে-টুকরে গ্যাংয়ের একটা শিক্ষা হওয়া দরকার। দিল্লিতে গত দুই সপ্তাহ ধরে চলা সিএএ বিরোধী হিংসাত্মক আন্দোলন প্রসঙ্গে প্রধান বিরোধী দল কংগ্রেসকে কাঠগড়ায় তুলে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ। দিল্লির এক অনুষ্ঠানে গতকাল তিনি বলেন, সিএএ নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছে। সে সময় কেউ (বিরোধী দল) কিছু বলেনি। যেই ওরা পার্লামেন্টের বাইরে এসেছে মানুষকে ভুল পথে পরিচালনা করছে। উপস্থিত জনগণের উদ্দেশে তার আবেদন, ‘আমি বলতে চাই আপনারা কংগ্রেসের নেতৃত্বে চলা টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দিন। তারাই দিল্লির হিংসার জন্য দায়ী। দিল্লির মানুষের উচিত, ওদের শাস্তি দেওয়া।’ ‘টুকরে-টুকরে’ শব্দ ডানপন্থি শিবিরের একটা অস্ত্র যা তারা বিরোধী এবং তার শরিকদের প্রতি আক্রমণের সুর চড়াতে ব্যবহার করে।