দিনাজপুরের হাকিমপুর উপজেলার চাঞ্চল্যকর মেহেদী হাসান ওরফে সানি (৩৪) হত্যার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার তিন জন হলেন দেলোয়ার হোসেন (২৫), তার মা দেলোয়ারা বেগম (৪৫) ও হারুন (৩৫)। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে র্যাব-১-এর একটি দল তাদের গ্রেফতার করে।
র্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, চাকরি দেওয়ার কথা বলে তিন বছর আগে মেহেদী হাসানের কাছ থেকে ৪ লাখ টাকা নেন মিজানুর রহমান নামে এক ব্যক্তি। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও চাকরি না দেওয়ায় একাধিকবার টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করেন মিজানুর। একপর্যায়ে টাকা না দিতে আত্মগোপন করেন তিনি।
গত ৪ ডিসেম্বর সকালের দিকে টাকা নেওয়ায় জড়িত দেলোয়ারা বেগমের বাড়িতে পাওনা টাকা চাইতে যান মেহেদী। এ সময় মিজানুরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তাকে উলটো গালিগালাজ করা হয়। তাত্ক্ষণিক মেহেদী প্রতিবাদ করলে মিজানের নির্দেশে পূর্বশত্রুতার জেরে দেলোয়ারা বেগম, তার ছেলে দেলোয়ার, হারুনসহ অন্য আসামিরা মেহেদীর কপালে ছোরা দিয়ে জখম এবং বুকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের এই কর্মকর্তা আরো বলেন, ঘটনার পর ৪ ডিসেম্বর রাতেই হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করে মেহেদীর পরিবার। গতকাল বৃহস্পতিবার ভোরে র্যাব-১-এর একটি দল উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যায় জড়িত দেলোয়ার হোসেন, দেলোয়ারা বেগম ও হারুনকে গ্রেফতার করে।
সারওয়ার-বিন-কাশেম আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিন জন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পলাতক অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।