দেশব্যাপী সিরিজ বোমা হামলার আসামির কারাগারে মৃত্যু

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি জেএমবি সদস্য কারাবন্দি নাসির উদ্দীন দফাদার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা কারাগার থেকে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। নিহত নাসির উদ্দীন দফাদার (৭০) সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুর এলাকার দলিল উদ্দীন দফাদারের ছেলে।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার পর ঐ বছরের ১১ সেপ্টেম্বর গ্রেফতার হন জেএমবি সদস্য নাসির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার বিকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিত্সক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে।