ক্ষমতালিপ্সায় ভারতকে সহযোগিতা করছে সরকার :ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে ডাম্পিং গ্রাউন্ড করতে এবং ক্ষমতা ধরে রাখতে ভারতকে সহযোগিতা করছে বর্তমান ক্ষমতালিপ্সু সরকার । তিনি বলেন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন প্রসঙ্গে সম্প্রতি ভারতের পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও শিষ্টাচার বহির্ভূত। একইভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি অমিত শাহের সুরে সুর মিলিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, এ বি এম মোশারফ হোসেন, মো. মুনির হোসেন প্রমুখ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখিত বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে আসছে। সুতরাং ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমারের বর্ধিত দায়িত্ব পালন করেছেন মাত্র।

মির্জা ফখরুল বলেন, একটি গণবিরোধী ও ভোটারবিহীন সরকার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে কতটা নির্লজ্জ, হিতাহিতজ্ঞানশূন্য ও ক্ষমতালিপ্সু হতে পারে অমিত শাহের বক্তব্যকে সমর্থন করে তার প্রমাণ দিয়েছেন ওবায়দুল কাদের।  তিনি বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য কোনো বিচারেই বাংলাদশের মানুষ গ্রহণ বা সমর্থন করতে পারে না। তাই  বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা আশা করি, ভবিষ্যতে দেশের স্বার্থবিরোধী যে কোনো বক্তব্য প্রদান থেকে তিনি বিরত থাকবেন।