ফিলিপাইনে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় 'ফনফনি'র প্রভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এখনো নিখোঁজ রয়েছে ১২ জন। শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, তীব্র শক্তিতে আঘাত হানা এই ঘূর্ণিঝড় ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ফিলিপাইনের মূল ভূখণ্ডে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, এই ঘূর্ণিঝড়ের বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৯০ কিলোমিটার। এর প্রভাবে দেশটি বিভিন্ন দ্বীপে এ পর্যন্ত কয়েকবার ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রায় ১০ হাজার ফিলিপাইনবাসী বড়দিনের ছুটির রাত কাটিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি ভবন ও আশ্রয়কেন্দ্রে। পাশাপাশি প্রায় ২৫ হাজার মানুষ আটকে আছেন বিভিন্ন নৌ-ঘাট ও বন্দরে। তাদের অধিকাংশই পরিবারের সঙ্গে বড়দিনের বিশেষ নৈশভোজে যোগ দিতে বাড়ি ফিরছিলেন।
আরো জানতে: ঘূর্ণিঝড়ের নাম কেনো 'ফনফনি'?
এর আগে, সর্বশেষ ২০১৩ সালে ফিলিপাইনে একই ধরনের ঘূর্ণিঝড় 'হাইয়ান' আঘাত হানে, যার বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩১০ কিলোমিটার। সে সময় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় ৬ হাজার মানুষ মারা যান। এবারও হাইয়ানের কাছাকাছি ধ্বংসলীলা চালিয়েছে ফনফনি। বিবিসি।
ইত্তেফাক/আরএ