g বিনোদন রিপোর্ট
থিয়েটার আর্ট ইউনিটের আলোচিত প্রযোজনা ‘গোলাপজান’। মোহাম্মদ আবু তাহেরের ছোটগল্প ‘গোলাপজানের অশ্বারোহণ’ অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করছেন রোকেয়া রফিক বেবী।
গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক নাট্যোত্সবে দেখা যাবে থিয়েটার আর্ট ইউনিটের এই নাটক। আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে দুই বাংলার মিলনমেলায় মধ্যমগ্রাম ভারত নজরুল শতবার্ষিকী সদন পৌরসভা মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের সারা জাগানো নাটক গোলাপজান।
গোলাপজান-এর গল্প পুরান ঢাকার একজন নারীকে নিয়ে। বেঁচে থাকার জন্য যে নিরন্তর সংগ্রাম করে চলে। ৬৫ বছরের অভিজ্ঞতায় আদি ঢাকার সাধারণ নারী গোলাপজান বর্ণনা করেন তার শৈশব-কৈশোর, যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছার সংগ্রামী কাহিনি।
এস এম সোলায়ামান সবসময় জীবনকে দেখেছেন ভিন্নরূপে। তাই তো তার শিল্পকর্ম অনেক বেশি বৈচিত্র্যের ও মানবিক। বিশ শতকের মধ্যভাগে ঢাকার শ্রমজীবী একজন নারীর ধনবাদী সমাজব্যবস্থা বিকাশের ধারায় ক্রমাগত সংগ্রামী হয়ে ওঠার কাহিনি গোলাপজান।
নাটকের গানে সূক্ষ্ম নান্দনিকতায় সমাজবাস্তবতাকে ইঙ্গিত করা হয়েছে। দেশীয় নাট্যচর্চা ও নির্মাণে যে বর্ণনাত্মক প্রয়োগ নাট্যজন এস এম সোলায়মান তা সংগীতের অনবদ্য সংযোজনে দর্শকমনে রেখাপাত ঘটিয়েছেন। ১৯৯৬ সালে নির্মিত গোলাপজান আজো অনেক নতুন, অনেক সমসাময়িক এমনকি ভবিষ্যতেও সময়োপযুক্ত মনে হওয়ার দাবি রাখে।