পিরোজপুর অফিস ও স্বরূপকাঠি সংবাদদাতা
স্বরূপকাঠিতে শুক্রবার বিজয় উত্সব, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চেতনা পরিষদের উদ্যোগে উপজেলার সোহাগদল গ্রামের পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি বি এম ডিগ্রি কলেজ মাঠে এ উত্সবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানে সাবেক সচিব এম শামসুল হক, অনারারী ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও অধ্যাপক মো. ফজলুল হকসহ ছয় জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক যুগ্মসচিব শ্যামা প্রসাদ বেপারি, প্রকৌশলী মো. বেলায়েত হোসেন এবং নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী মো.জাকির হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন সংবর্ধিত সাবেক সচিব এম সামসুল হক, বাংলাদেশ আনসারের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, অধ্যাপক ডা. আইয়ুব আলী, সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ্বাস, পুলিশ কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। এলাকার সার্বিক উন্নয়নে সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে।
এদিকে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আইয়ুব আলী, বক্ষব্যাধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. অমর বিশ্বাস, সার্জারী বিশেষজ্ঞ ডা. সাদিয়া সাজমিন সিদ্দিকাসহ আট জন বিশেষজ্ঞ চিকিত্সক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র দেন। এ সময় দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক ও সমকাল। অনুষ্ঠানে সংবর্ধিত গুণীদের সম্মাননা ক্রেস্ট এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।