ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনটি চালকের ভুলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে চলে যায়। পরে চালকের সঙ্গে যোগাযোগ করে আবারও ফিরিয়ে আনা হয় ট্রেনটি। এতে আশুগঞ্জে ট্রেনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. নূরুন নবী ভূইয়া জানান, আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে দ্রুতগতিতে স্টেশন এলাকা অতিক্রম করে ব্রিজের ওপরে চলে যায়। পরে তাত্ক্ষণিকভাবে ট্রেনের চালকের সঙ্গে যোগাযোগ করে ট্রেনটি উল্টো ফিরিয়ে আনা হয়। তিনি আরো জানান, এখানে যেসব ট্রেনের যাত্রাবিরতি আছে সে সবের চালককে আগে থেকেই বলে রাখা হয়। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনটিতে সিগন্যালিং ব্যবস্থা না থাকায় ট্রেনের চালকের ভুলে প্রতিনিয়ত এমনভাবে ট্রেন চলে যায়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।